বিএনপি এমপি জিলানীর বাড়িতে আগুন;থানা ভাঙচুর ও পুলিশের গাড়িও পুড়িয়েছে

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একাধিক গাড়িও পুড়িয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসব ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে হামলার শিকার হন পুলিশ সদস্যরা। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার টুঙ্গিপাড়া শহরজুড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। ওই আসামিদের ছিনিয়ে নিতে মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে জানা গেছে। একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে তারা থানার ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায়।

এরপর দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক দফায় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

এদিকে, টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে হেলমেট পরা অবস্থায় দেশীয় অস্ত্র হাতে কয়েকজনকে থানার ভেতরে ভাঙচুর চালাতে দেখা যায়। এ সময় তাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায়।এ ঘটনায় টুঙ্গিপাড়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।