টুঙ্গিপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ নেতা-কর্মীরা, উত্তপ্ত পরিস্থিতি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে দিনভর এলাকায় দফায় দফায় বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এসব ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। থানায় অগ্নিসংযোগের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা ও উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।