দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, বায়োগ্যাস খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বায়োগ্যাস কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ঋণের চেক বিতরণ ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণেরা নিজেরা স্বাবলম্বী হবেন এবং পরিবারকেও স্বাবলম্বী করে তুলবেন। এর মধ্য দিয়ে স্বাবলম্বী হবে বাংলাদেশ।
তিনি আরও বলেন, মাদক, বিভিন্ন অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এ লক্ষ্যে আগামী প্রজন্মের উপযোগী খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব তালুকদারের সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক এ কে এম মহিবুল ইসলাম প্রমুখ।
