ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানের কয়েক শ বিলিয়ন ডলার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব দাবি করেন ট্রাম্প।
পোস্টে তিনি লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। চুক্তি করার সময় অনেক আগেই শেষ হয়েছে। তাদের অর্থ—কয়েক শ বিলিয়ন ডলার—আমাদের দখলে। তাদের প্রণালিও আমাদের নিয়ন্ত্রণে।’
ইরানের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে কূটনৈতিক উপায়ে যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স—এমন খবরের মধ্যেই ট্রাম্পের এ বক্তব্য সামনে এসেছে।
তবে ভ্যান্সের কূটনৈতিক তৎপরতা নিয়ে বিস্তারিত কিছু না জানিয়ে ট্রাম্প বলেন, তিনি ভাইস প্রেসিডেন্টকে এখন ডেমোক্রেটিক পার্টি-নিয়ন্ত্রিত শহর ও অঙ্গরাজ্যগুলোর দুর্নীতি এবং অপরাধের দিকে মনোযোগ দিতে বলেছেন।
নিজের পোস্টে মিনেসোটা, ক্যালিফোর্নিয়া ও ইলিনয়সের নাম উল্লেখ করেন ট্রাম্প। তাঁর অভিযোগ, এসব অঙ্গরাজ্যে প্রতি মাসে কয়েক বিলিয়ন ডলার চুরি হচ্ছে। এ ধরনের অপরাধ বন্ধ করা গেলে কেন্দ্রীয় বাজেটে ভারসাম্য আনা সম্ভব বলেও দাবি করেন তিনি।
ডেমোক্র্যাটদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ট্রাম্প লেখেন, ‘দুর্নীতি ডেমোক্র্যাটদের রক্তে মিশে আছে।’
