কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীতে ডুবে চাচাতো দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বামনের চর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, বামনের চর এলাকার নুরুজ্জামানের ছেলে আব্দুল্লাহ (৬) ও নবীন চানের ছেলে নাঈম (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিশু দুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের জিঞ্জিরাম নদীতে নেমে পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করা হলে মৃত অবস্থায় পাওয়া যায়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
