এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেননি এমন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের নিয়ে মতবিনিময় সভা করেছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সভায় এসব প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক পর্যায়ের কার্যক্রম বন্ধ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি সভায় অংশ নেওয়া অধিকাংশ অধ্যক্ষও নিজ নিজ প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক কার্যক্রম বন্ধের পক্ষে মত দিয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় অধ্যক্ষরা একাডেমিক কার্যক্রম পরিচালনায় শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরেন। এ ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠান নন-এমপিওভুক্ত এবং বেশিরভাগই স্কুল অ্যান্ড কলেজ হওয়ায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতার কথাও জানান তাঁরা।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, মতবিনিময় সভায় অংশ নেওয়া ১৫টি প্রতিষ্ঠানের অধিকাংশ অধ্যক্ষই তাঁদের প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক পর্যায়ের কার্যক্রম বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন।
শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলো হলো,চাঁদপুর শহীদ পৌর জাবেদ স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের ক্যামব্রিজ সিটি কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরের বগৈড় বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং চাঁদপুরের মতলব দক্ষিণের আড়ং বাজার ডক্টর অ্যান্ড শামসুল হক মডেল কলেজ।
এ ছাড়া রয়েছে ফেনী সদরের বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জের আপার মডেল কলেজ, লক্ষ্মীপুর সদরের লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিরগাঁও উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের হাজিমিয়ার হাট উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ফেনী সদরের বিকন মডেল কলেজ।
