কুমিল্লার সংবাদ

চাকরির প্রলোভনে রুশ সেনাবাহিনীতে যোগ,যুদ্ধে প্রাণ গেল সাগরের

কুমিল্লার চান্দিনা উপজেলার তরুণ মো. সাগর (২৪) রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন। রাশিয়ার সেনাবাহিনীতে চাকরির প্রলোভনে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকেই পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবশেষে শনিবার (১৭ অক্টোবর) রাশিয়ায় থাকা এক বন্ধুর মাধ্যমে সাগরের মৃত্যুর খবর পায় তাঁর পরিবার। এ খবরে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার মো. কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। নিম্নবিত্ত পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় কিশোর বয়স থেকেই উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানে রিকশাভ্যান চালাতেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ওই দোকানের এক ম্যানেজারের সহযোগিতায় প্রায় ছয় লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান সাগর। সেখানে একটি বেকারিতে কাজ শুরু করেন। মাসে প্রায় ৭০ হাজার টাকা আয় করতেন তিনি।

পরে রাশিয়ায় এক বাংলাদেশি দালালের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিবারের অভিযোগ, রাশিয়ার সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে এককালীন ৩০ লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখান ওই ব্যক্তি। সেই প্রলোভনে পড়ে চলতি বছরের মে মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে যান সাগর। এরপর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সাগরের চাচা আবদুল আওয়াল বলেন, বেকারির কাজ ছেড়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা সাগর তাঁকে জানিয়েছিলেন। তখন তিনি সাগরকে এ কাজে নিষেধ করেছিলেন। তাঁর অভিযোগ, দালাল ভুল তথ্য দিয়ে সাগরকে যুদ্ধে যোগ দিতে প্ররোচিত করেছেন। শনিবার রাশিয়ায় থাকা সাগরের এক বন্ধু তাঁর মৃত্যুর খবর জানান।

সাগরের বাবা কবির হোসেন বলেন, তিনি সবজির ব্যবসা করতেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ। অনেক ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। প্রায় চার-পাঁচ মাস ধরে ছেলের সঙ্গে কোনো কথা বলতে পারেননি। এখন শুনছেন, তাঁর ছেলে আর বেঁচে নেই।

এদিকে সাগরের মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারে শোকের মাতম চলছে। জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে ছেলের এমন পরিণতি মেনে নিতে পারছেন না স্বজনেরা।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, বিষয়টি তাঁদের জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন।