পাকিস্তানের সংসদ ভবনে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন পোস্ট হুমাম কাদেরের

পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও নিজের দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে তোলা একটি ছবি বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করে তিনি বলেন, ঐতিহাসিক এই সংসদ ভবনে বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে দাঁড়ানো তাঁর কাছে পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক পথচলার স্মারক।

ফেসবুক পোস্টে হুমাম কাদের লেখেন, ‘যখন ইতিহাস হয়ে ওঠে একান্ত ব্যক্তিগত। ইসলামাবাদের সংসদ ভবনে পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার, আমার দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়ানোর মুহূর্তটি আমার জন্য ছিল অত্যন্ত আবেগঘন ও গর্বের।’

তিনি আরও লেখেন, কয়েক প্রজন্ম পর বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে এই ঐতিহাসিক সংসদ ভবনে আসা তাঁকে পরিবারের তিন প্রজন্মের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা স্মরণ করিয়ে দিয়েছে। ইতিহাস শুধু অতীতের সঙ্গে সংযুক্ত করে না, ভবিষ্যতের প্রতি দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়।

নিজের অনুভূতি প্রকাশ করে হুমাম কাদের বলেন, ছবিটি তাঁর কাছে কেবল একটি মুহূর্তের স্মৃতি নয়; বরং প্রজন্ম থেকে প্রজন্মের গভীর আত্মিক সংযোগ, পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকারের প্রতিফলন এবং জনসেবার সঙ্গে জড়িয়ে থাকা দায়িত্ববোধের অনন্য স্মারক।

এদিকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর নেতৃত্বে পাকিস্তান সফররত সংসদীয় প্রতিনিধিদল বুধবার দেশটির পার্লামেন্ট হাউস পরিদর্শন করে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা পাকিস্তানের জাতীয় পরিষদের হলরুম ঘুরে দেখেন।

পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে হলরুমের ঐতিহাসিক তাৎপর্য এবং দেশটির সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।