কুমিল্লার সংবাদ

কুমিল্লায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।

ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সতর্কতা এবং সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা, যানজট নিরসন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ডিআইজি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কুমিল্লা জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।