পিকআপের গোপন কুঠুরিতে ইয়াবা, চালকের আসনের নিচে পিস্তল-গুলি
কুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে বিশেষ কৌশলে তৈরি গোপন কুঠুরি থেকে ৩৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপসহ মো. জাকারিয়া ইদ্রীস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ২টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মডেল থানাধীন মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্টে একটি পিকআপে তল্লাশি চালায়। এ সময় চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পিকআপটির বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে একটি গোপন স্থান তৈরি করা হয়েছিল। সেখানে ৩৩টি জ্যামিতি বক্সের মধ্যে মোট ১৮০টি প্যাকেটে রাখা ৩৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে পিকআপটি জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. জাকারিয়া ইদ্রীস কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত শফিকুর রহমান এবং মায়ের নাম ফাতেমা খাতুন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ইয়াবা এবং জব্দ করা পিকআপের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
