অপরাধ তালাশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে সিএনজিচালক আটক

কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ উদ্ধারের ঘটনায় সিএনজিচালক সুমনকে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম নগরী থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

এদিকে, শুক্রবার সকালে জানাজা শেষে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের ছাতিয়ানতলায় পারিবারিক কবরস্থানে তাজমিনকে দাফন করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, গত ৪ অক্টোবর বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে কুমিল্লা শহরের বাসা থেকে বের হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজমিন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ ছিল। সর্বশেষ বুধবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের জানায়, সে বান্ধবীর বাসায় রয়েছে। ওই দিন মধ্যরাতে বাবা আব্দুল আলিমের মুঠোফোনে বার্তা পাঠিয়ে নিজের অবস্থানের লাইভ লোকেশন দেয় তাজমিন। একই সঙ্গে তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্যও অনুরোধ করে।

পুলিশের তথ্য অনুযায়ী, বাসা থেকে বের হওয়ার পর বিভিন্ন সময়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করছিল তাজমিন। সে ব্রাহ্মণবাড়িয়া হয়ে কুমিল্লায় আসে, পরে কক্সবাজারে যায়। বুধবার দুপুরের পর কক্সবাজার থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হয় সে। ওই দিন রাত ১২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজারে নূরজাহান হোটেলের সামনে বাস থেকে নামে তাজমিন। এরপর বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। এ ঘটনায় অটোরিকশাচালক সুমনকে চট্টগ্রাম থেকে আটকের পর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চালাচ্ছে পুলিশ।

তাজমিনের শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে ফরিদা বিদ্যাতন স্কুলের প্রধান শিক্ষক মো. হানিফ মজুমদার বলেন, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত তাজমিন তাঁদের বিদ্যালয়ে উপস্থিত ছিল। এরপর সে অন্য একটি বিদ্যালয়ে চলে যায়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তপ্রক্রিয়া চলমান রয়েছে। সুরতহাল প্রতিবেদনে মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।