দুর্বৃত্তদের গুলিতে নিহত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিমের মাথা ও বুক ঝাঁঝরা হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল হালিম স্থানীয়ভাবে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। এ ছাড়া তিনি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম আব্দুল হালিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলায় জড়িতদের শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।