সারাদেশ

হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ মারা গেছেন। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত পাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেখ রাজীব আল রশিদ। পরে দ্রুত তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম শেখ রাজীব আল রশিদের জানাজা বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাদ জোহর খুলনার আইচগাতিতে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।