কুমিল্লার সংবাদ

লাইভ লোকেশন পাঠিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল,বাবা গিয়ে পেলেন মেয়ের মরদেহ

কুমিল্লার লালমাই উপজেলায় ফসলি জমি থেকে জান্নাতুল তাজমীন (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি পরিত্যক্ত সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। উদ্ধারের প্রায় চার ঘণ্টা পর কিশোরীর পরিচয় শনাক্ত করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়া এলাকার মানুমুড়া জঙ্গলসংলগ্ন ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল তাজমীন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার আবদুল আলীমের মেয়ে। সে কুমিল্লা শহরের ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা ওষুধ কোম্পানি রেনাটা লিমিটেডের কুমিল্লা রিজিওনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত। চাকরির সুবাদে পরিবারটি কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার ধানমন্ডিতে একটি ভাড়া বাসায় বসবাস করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কাঁচিকাটা-হরিশ্চর পাকা সড়কের জগতপুর উত্তরপাড়া এলাকার মানুমুড়া সংলগ্ন স্থানে একটি সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এতে তাদের সন্দেহ হয়। পরে সড়ক থেকে প্রায় ৫০ গজ দূরে ফসলি জমিতে গিয়ে আইলের পাশে এক কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, মরদেহটির গলায় গামছা পেঁচানো এবং মুখ মাটিতে চেপে রাখা অবস্থায় ছিল। খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সিআইডি ও পিবিআইসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

নিহতের বাবা আবদুল আলীম জানান, গত ৪ অক্টোবর তার একমাত্র মেয়ে তাজমীন শহরের এক বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে কুমিল্লা নগরীর রেসকোর্সের ধানমন্ডি এলাকার ভাড়া বাসা থেকে বের হয়। পরে সে বান্ধবীর সঙ্গে কক্সবাজারে যায়।

তিনি জানান, বুধবার রাত ২টার দিকে কক্সবাজার থেকে কুমিল্লা বিশ্বরোড এলাকার হোটেল নূরজাহানের সামনে এসে নামার পর মেয়ের সঙ্গে ফোনে কথা হয়। তাজমিনের বাবা আবদুল আলীম বলেন, গত ৪ অক্টোবর বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তার মেয়ে। এরপর বিভিন্ন সময় মেয়ের মুঠোফোনে যোগাযোগ করা হলে সে বান্ধবীর বাসায় থাকার কথা জানায়।

আবদুল আলীম বলেন, বুধবার গভীর রাতে তাজমিন তাকে একটি মেসেজ ও লাইভ লোকেশন পাঠায়। সেখানে তাকে এসে নিয়ে যাওয়ার কথা জানায়। কিন্তু তখন তিনি ঘুমিয়ে ছিলেন। ভোরে ঘুম থেকে উঠে মেসেজটি দেখার পর ওই লাইভ লোকেশন অনুযায়ী ঘটনাস্থলে যান। সেখানে মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনা দেখতে পান। সেই সূত্র ধরে খোঁজ করতে গিয়ে জগতপুর এলাকায় ফসলি জমি থেকে মেয়ের মরদেহ উদ্ধারের খবর পান।
ফরিদা বিদ্যায়তনের প্রধান শিক্ষক হানিফ বলেন, তাজমিন সপ্তম শ্রেণিতে পড়ত। তবে গত মার্চ থেকে সে অন্য একটি স্কুলে ভর্তি হয়েছে। বিদ্যালয়ের হাজিরা খাতায় তার রোল নম্বর ছিল ৩০।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গলায় গামছা পেঁচানো অবস্থায় ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়েছে। প্রথমে মরদেহটি অজ্ঞাত ছিল। পরে তার পরিচয় শনাক্ত করা হয়।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।