সারাদেশ

লাউ, ফল, হাঁস-মুরগি-ডিম দিয়ে ওসিকে ব্যতিক্রমী বিদায়

বিদায়বেলায় কেউ বাড়ির গাছের লাউ, কেউ মৌসুমি ফল, আবার কেউ হাঁস-মুরগি ও ডিম নিয়ে হাজির। ব্যতিক্রমী এসব উপহারের মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেনকে বিদায় জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় হরিরামপুর থানা প্রাঙ্গণে বিদায়ী ওসিকে বিদায় এবং নবাগত ওসিকে স্বাগত জানাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নানা বয়সী নারী-পুরুষ অংশ নেন।

অনুষ্ঠানে স্থানীয়রা বিদায়ী ওসি মোহাম্মদ আফজাল হোসেনকে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি নবাগত ওসি জেওএম তৌফিক আজমকে ফুল দিয়ে বরণ করে নেন তারা।

বিদায়ী ওসির সঙ্গে ছবি তোলা, কুশল বিনিময় এবং দায়িত্ব পালনকালের বিভিন্ন স্মৃতি নিয়ে আলোচনা করেন স্থানীয়রা। এতে অনুষ্ঠানজুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় স্থানীয়দের কেউ বাড়ির গাছের লাউ, কেউ মৌসুমি ফল, আবার কেউ হাঁস-মুরগি ও ডিম নিয়ে বিদায়ী ওসির হাতে তুলে দেন। এসব উপহারের মধ্য দিয়ে স্থানীয়দের সঙ্গে বিদায়ী কর্মকর্তার আন্তরিক সম্পর্কের বিষয়টি ফুটে ওঠে।

সংবর্ধনা শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে নতুন কর্মস্থলের উদ্দেশে রওনা দেন মোহাম্মদ আফজাল হোসেন। এ সময় থানার সামনে জড়ো হওয়া স্থানীয়রা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিদায়ের মুহূর্তে অনেকে হাত নেড়ে তাকে শুভকামনা জানান।

অন্যদিকে নবাগত ওসি জেওএম তৌফিক আজম দায়িত্ব গ্রহণের পর স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিতরা নতুন কর্মকর্তার সফলতা কামনা করেন।