‘শ্রাবণের মেঘগুলো’ গানের ভিডিও নিয়ে সমালোচনা, সেই প্রধান শিক্ষকই এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সঙ্গে হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
গত সোমবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের সই করা এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে এবার চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে। তাঁদের মধ্যে বিউটি রাণী পাল ছাড়াও রয়েছেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৩ জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন বিউটি রাণী পাল। ভিডিওতে তাঁকে নীল শাড়ি পরে আঁচল উড়িয়ে হাঁটতে দেখা যায়। ভিডিওটির সঙ্গে ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি ব্যবহার করা হয়। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এর প্রতিবাদে একই গানকে প্রতীকী প্রতিবাদের উপকরণ হিসেবে ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার শিক্ষকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে অভিনব প্রতিবাদ জানান। পরে সমালোচনার মুখে তাঁর পাশে থেকে সমর্থন দেওয়ায় দেশবাসী, পরিবার ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান বিউটি রাণী পাল।
এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩-এর আয়োজনেও সিলেট জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন তিনি। বিউটি রাণী পাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী।
