আন্তর্জাতিক

বাংলাদেশি সাংবাদিকদের জন্য ভারত সরকারের অর্থায়নে প্রশিক্ষণের সুযোগ

বাংলাদেশি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে ‘সাংবাদিকতা ও জনসংযোগ’ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন। ভারত সরকারের পূর্ণাঙ্গ অর্থায়নে আয়োজিত এ প্রশিক্ষণে নির্বাচিত সাংবাদিকরা ভারতের হায়দ্রাবাদে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় সরকারের আইটেক (ITEC) স্কিমের আওতায় বাংলাদেশের সাংবাদিকদের জন্য ‘জার্নালিজম অ্যান্ড পাবলিক রিলেশনস’ বিষয়ে সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্সটির আয়োজন করা হয়েছে। আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ভারতের হায়দ্রাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

কোর্সটি বিশেষভাবে অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাতের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের জন্য প্রণয়ন করা হয়েছে। এতে গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক, কৌশলগত যোগাযোগ, গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ব্যবহারিক দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে হায়দ্রাবাদের হাইটেক সিটি পরিদর্শন, স্টার্টআপ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় দর্শনীয় স্থান ভ্রমণেরও সুযোগ থাকবে। কোর্সটি সফলভাবে সম্পন্নকারী সাংবাদিকদের সনদ দেওয়া হবে।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, নির্বাচিত সাংবাদিকদের যাওয়া-আসার বিমান ভাড়া, কোর্স ফি, আবাসন ও জীবনযাপন ভাতাসহ যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, উল্লিখিত খাতগুলোতে ৫ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী সাংবাদিকরা আবেদন করতে পারবেন। নির্বাচিত হওয়ার পর অংশগ্রহণকারীদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ (এনওসি) জমা দিতে হবে।আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।