অপরাধ তালাশ

কুমিল্লায় একই পরিবারের তিনজনকে জবাই করে হত্যার অভিযোগ, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে একই পরিবারের তিন সদস্যকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। নিহতদের মধ্যে রয়েছেন তার মা, ভাবি ও ভাতিজি। এ ঘটনায় অভিযুক্ত ইমনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার বড়শালঘর দক্ষিণপাড়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে যান। পরে আহত অবস্থায় ইমনের ভাবিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দুজন ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ইমনকে আটক করে দেবিদ্বার থানা পুলিশ।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। প্রাথমিকভাবে শুনেছি, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।