Spread the love

চট্টগ্রামের সীতাকুণ্ডে বালু উত্তোলনের লুট হওয়া তেল নিয়ে সংঘর্ষের ঘটনার চারদিন পর সাগর উপকূল থেকে মো. সালাউদ্দিন (৪৫) নামে নিখোঁজ এক নিরাপত্তা প্রহরীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকার জেএমআই সংলগ্ন সাগর উপকূলীয় খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সালাউদ্দিন একই উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে।

নিহতের বোন জামাই আকবর হোসেন বাদশা জানান, গত শনিবার বিকালে বালু উত্তোলনের লুট হওয়া তেল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে ছয় জন আহত হয়। এ সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করে নিরাপত্তা প্রহরী সালাউদ্দিনকে আটকে রাখেন। সংঘর্ষ পরবর্তীতে সালাউদ্দিনকে খুঁজে না পেলেও চারদিন পর জেএম আই সংলগ্ন সাগর উপকূলের খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে সালাউদ্দিনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার।

তবে নিখোঁজ ওই ব্যক্তিকে কে বা কারা হত্যা করেছে সে বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন পুলিশ।

সীতাকুণ্ড থানার উপরিদর্শক (এসআই) অনিক ভক্ত জানান, সাগর উপকূল থেকে উদ্ধার করা ওই নিরাপত্তা প্রহরীর মাথায় ও কপালে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর গভীর আঘাতের একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বালু উত্তোলনকারী যন্ত্রের তেল সরবরাহকারী জগলুল হোসেন নয়ন জানান, গত শনিবার বিকালে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী সাগরে বসানো ড্রেজার যন্ত্রের ২ হাজার লিটার তেল লুট করে নিয়ে যায়।

এ ঘটনার ঘণ্টাখানেক পর তার ভাই আশরাফ হোসেন কাজল কয়েকজন কর্মচারী নিয়ে সাগরের ভেতরে থাকা ডেজার যন্ত্রের কাছে ছুটে যান।
তিনি জানান, ওই সময় সেখানে থাকা নিরাপত্তা প্রহরী সালাউদ্দিন তেল লুটের ঘটনা বলেন এবং সন্ত্রাসীরা সাগর উপকূলের কোথায় লুকিয়ে আছেন তা দেখিয়ে দেন। তারা তেল উদ্ধারে ঘটনাস্থলে ছুটে গেলে সন্ত্রাসীরা কাজল ও সালাউদ্দিনসহ কয়েকজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। ঘটনার পর কাজলসহ আহতরা প্রাণ রক্ষায় দৌড়ে পালিয়ে গেলেও সন্ত্রাসীরা রক্তাক্ত সালাউদ্দিনকে আটকে রাখেন। এরপর তার আর খোঁজ মেলেনি।
মঙ্গলবার বিকেলে সাগর উপকূলে তার মরদেহ মিলেছে। সালাউদ্দিন স্থানীয় হওয়ায় সন্ত্রাসীরা তাকে হত্যার পর সাগরে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নয়ন আরো জানান, ঘটনার পরদিন তিনি সীতাকুণ্ড থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় সাতজনকে সুনির্দিষ্ট আসামি করার পাশাপাশি ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, বালু উত্তোলনের তেল লুট ও সংঘর্ষের ঘটনায় থানায় মামলা রয়েছে। ঘটনার চারদিন পর সাগর উপকূল থেকে নিখোঁজ নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় রিফাত নামে একজনকে আটক করা হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *