অপরাধ তালাশ

দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখেন এমপি নজরুল;চিরকুট উদ্ধার!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ওই ফ্ল্যাটেই ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে যায়।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে মরিয়মের লেখা বেশ কয়েকটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেসব চিরকুটে ‘অবহেলা ও বিশ্বাসভঙ্গের’ কথা লেখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে চিরকুটগুলোর সত্যতা, লেখার সময় এবং মৃত্যুর সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

ঘটনাস্থলে থাকা পুলিশের এক কর্মকর্তা জানান, রোববার দুপুরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে খাবার খান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তারা আলাদা কক্ষে চলে যান। বিকেল ৫টার পর মরিয়মকে ডাকতে গিয়ে কক্ষের দরজা বন্ধ পান গাজী নজরুল। পরে জানালা দিয়ে মরিয়মকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এরপর তিনি পুলিশকে খবর দেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মরিয়মের মরদেহ উদ্ধারের সময় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ফ্ল্যাটে ছিলেন।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম বলেন, ‘সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের সময় তিনি ফ্ল্যাটেই ছিলেন বলে আমরা জেনেছি। বিস্তারিত জানাতে সময় লাগবে।’

তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আলামত সংগ্রহের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল ও অন্যান্য প্রক্রিয়া শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জামিনের বিষয়ে রোববার ঢাকার আদালতে উপস্থিত হন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে তিনি জামিননামা দাখিল করেন।

গাজী নজরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত করে জামায়াতে ইসলামী। পরে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে দলটি।