অপরাধ তালাশ

অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক শাহরিয়া আনাসের সম্পৃক্ততা পায়নি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১১-এর সিপিসি-২ অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

তিনি বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের পর শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে সন্দেহজনকভাবে শাহরিয়া আনাসকে আটক করে এসআরবি। পরে তাকে হেফাজতে নিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। তবে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে আনাসের সম্পৃক্ততা না থাকায় রোববার দুপুর ২টার আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মামলার তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডাকা হতে পারে।’

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান।

শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি অপ্রতিম। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে কুমিল্লা কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

অপ্রতিমের মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।