চালাতেন রিকশা। জীবিকার তাগিদে প্রায় ১৭ বছর আগে লালমনিরহাটের হাতিবান্ধা থেকে গাজীপুরে এসেছিলেন ইমান আলি। কর্মজীবনের শুরুটা ছিল রিকশা চালিয়ে। পরে করেছেন নানা ধরনের কাজ। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় স্থানীয় নাট্যকর্মী দিলদার আলির সঙ্গে পরিচয়ের পর। সেই সূত্রে শুরু হয় অভিনয়জীবন। গত ১২-১৩ বছর ধরে স্থানীয় পর্যায়ের নাটক ও ভিডিও কনটেন্টে অভিনয় করে এলেও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে আলোচনায় এসেছেন তিনি।
বর্তমানে ফেসবুক, ইউটিউব ও টিকটকে সবচেয়ে আলোচিত সংলাপগুলোর একটি হয়ে উঠেছে—‘কী রাগ করলা? কথা ঠিক না বেঠিক?’। হাস্যরস, ব্যঙ্গ ও স্যাটায়ারের ভাষা হিসেবে সংলাপটি এখন নেটিজেনদের মুখে মুখে।
সম্প্রতি এক ফেসবুক ও ইউটিউব কনটেন্টে গণকের চরিত্রে অভিনয় করেন ইমান আলি। ভিডিওতে তার অভিনয়ের ধরন, চোখের ইশারা, কথার ভঙ্গি ও আত্মবিশ্বাসী উপস্থাপনা দর্শকদের দৃষ্টি কাড়ে। বিশেষ করে মাঝেমধ্যে বলা ‘রাগ করলা?’ সংলাপটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি লাখ লাখ ভিউ ও শেয়ার পায়।
ভিডিওতে দেখা যায়, শহরের ব্যস্ত সড়কে কাঁধে ঝোলা নিয়ে এক গণক মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলছেন। কথোপকথনের ফাঁকে ফাঁকে তিনি বলছেন—‘রাগ করলা?’। মূলত তার অভিনয়ের ধরন ও মানুষকে প্রভাবিত করার কৌশল দর্শকদের কাছে হাস্যরসের খোরাক হয়ে ওঠে।
এখন সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও তারকারাও এই সংলাপ ব্যবহার করে তৈরি করছেন নানা ধরনের ভিডিও। কেউ অফিসের বসকে ঘিরে, কেউ শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক নিয়ে আবার কেউ দৈনন্দিন জীবনের নানা ঘটনা নিয়ে ব্যঙ্গাত্মক কনটেন্ট তৈরি করছেন। ফলে সংলাপটি সামাজিক মাধ্যমে এক ধরনের জনপ্রিয় ট্রেন্ডে পরিণত হয়েছে।
ভাইরাল হওয়ার পর অনেকে তাকে কবিরাজ বা গণক ভাবলেও ইমান আলি জানিয়েছেন, তিনি পেশাদার কোনো কবিরাজ নন। তিনি মূলত একজন অভিনেতা।
ইমান আলি বলেন, “আমি মানুষের বিনোদনের জন্য অভিনয় করি। অনেকেই ভিডিও দেখে ভাবছে আমি কবিরাজ। আসলে আমি কবিরাজ না, আমি অভিনয় করি। ১৭ বছর আগে গাজীপুরে এসে রিকশা চালাতাম। পরে জামালপুরের দিলদার আলি ভাদাইম্যার সঙ্গে পরিচয় হয়। তখন থেকেই অভিনয় শুরু করি।”
সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “সবাই বলতেছে ফেসবুকে নাকি আমার ডায়লগ চলতেছে। আমি যে ভিডিওটা আমার ফেসবুক থেকে ছাড়ছিলাম সেটা ১ কোটি ৬০ লাখ মানুষ দেখছে। সবাই আমার নাম বলতেছে। খুব ভালো লাগতেছে। একটা টিভি চ্যানেলও আমার অনুষ্ঠান করবে।”
ভবিষ্যতে সুযোগ পেলে টেলিভিশন ও অন্যান্য মাধ্যমে নিয়মিত অভিনয় করতে চান বলেও জানান ভাইরাল এই অভিনেতা ইমান আলি।
