আন্তর্জাতিক

সৌদিতে পবিত্র মক্কামুখী হুথিদের ড্রোন হামলা চেষ্টা,সৌদি দাবি অস্বীকার

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে ইয়েমেনের হুথিরা ড্রোন হামলার চেষ্টা করেছে—সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এমন দাবি প্রত্যাখ্যান করেছে হুথি গোষ্ঠী। তাদের দাবি, মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ পুরোনো ও ভিত্তিহীন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সৌদি জোটের অভিযোগ অস্বীকার করেন হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ। তিনি বলেন, মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ নতুন কিছু নয় এবং এর কোনো ভিত্তি নেই।

এর আগে মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করে, ইয়েমেন থেকে ছোড়া একটি হুথি ড্রোন মক্কার দিকে অগ্রসর হচ্ছিল। সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মক্কার দক্ষিণে সেটি শনাক্ত করে ধ্বংস করে। জোটের ভাষ্য অনুযায়ী, ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকি বলেন, পবিত্র দুই মসজিদ ও মুসল্লিদের নিরাপত্তা সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সৌদি জোটের দাবি, ২০১৭ সালেও হুথিরা মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সর্বশেষ ঘটনাটিকে ওই ঘটনার পর মক্কাকে লক্ষ্য করে দ্বিতীয় হামলার চেষ্টা হিসেবে উল্লেখ করেছে জোট। তবে হুথিরা বরাবরই পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে হামলার উদ্দেশ্য থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন এলাকায় হুথিদের হামলা ও পাল্টা সামরিক তৎপরতায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার মক্কা, জেদ্দা ও তাইফসহ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।

তবে সর্বশেষ ড্রোনটি সত্যিই মক্কাকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল কি না, সে বিষয়ে সৌদি জোট ও হুথিদের বক্তব্য পরস্পরবিরোধী।

সূত্র: রয়টার্স