কুমিল্লার সংবাদ

ডেঙ্গুতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রীর মৃত্যু, গর্ভের শিশুও বাঁচেনি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান (২২) মারা গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। একই সঙ্গে তার গর্ভে থাকা অনাগত শিশুটিও মারা গেছে।

নূর জাহানের স্বামী জোবায়ের হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার মোছাগাড়া গ্রামের বাসিন্দা এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে জোবায়ের হোসেনের সঙ্গে নূর জাহানের বিয়ে হয়। আগামী অক্টোবর মাসে তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল।

স্বজনরা জানান, গত শুক্রবার হঠাৎ নূর জাহানের জ্বর আসে। পরে তার নানা শারীরিক সমস্যা দেখা দিলে কুমিল্লায় চিকিৎসা নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। পরে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

নূর জাহানের মৃত্যুতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ, বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, ‘নূর জাহান অত্যন্ত ভদ্র মেয়ে ছিলেন। বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতেন। তিনি অনেক সৃজনশীল ছিলেন। তার মৃত্যু সংবাদে আমরা অত্যন্ত ব্যথিত।’

কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূঁইয়া বলেন, ‘একজন মেধাবী ছাত্রীর অকালমৃত্যু সত্যিই দুঃখজনক। আমরা কলেজ পরিবার নূর জাহানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’