জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কুমিল্লায় আয়োজন করা হয়েছিল দিনব্যাপী সমবায় মেলা। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলার কথা থাকলেও উদ্বোধন করা হয় দুপুরে। আর উদ্বোধনের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই মেলার স্টলগুলো গুটিয়ে নিতে শুরু করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে কার্যত কয়েক মিনিটেই শেষ হয়ে যায় দিনব্যাপী আয়োজন। শুধু তাই নয়, মেলার সময়সূচি ও আয়োজনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের ৫০০ টাকা করে দিয়ে বিদায় করার কথা বলেন জেলা সমবায় কর্মকর্তা। এ ঘটনায় ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার (৮ নভেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা সমবায় বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন সমবায় সংগঠনের অংশগ্রহণে মোট ১০টি স্টল সাজানো হয়। এসব স্টলে সংগঠনগুলোর উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হয়েছিল।
আয়োজকদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ৯টায় মেলা শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে মেলা উদ্বোধন না হওয়ায় স্টলগুলোতে পণ্য বিক্রি শুরু করেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে দুপুর ২টা ৫০ মিনিটে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধনের পর অতিরিক্ত জেলা প্রশাসক ও সমবায় বিভাগের কর্মকর্তারা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। তাঁদের পরিদর্শন শেষ হতে না হতেই মাত্র পাঁচ মিনিটের মধ্যে স্টল মালিকরা পণ্য গুছিয়ে নিতে শুরু করেন। একপর্যায়ে মেলার স্টলগুলো ফাঁকা হয়ে যায়। ফলে সাধারণ মানুষের অংশগ্রহণ, পণ্য প্রদর্শন কিংবা সমবায় সংগঠনগুলোর কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ কার্যত তৈরি হয়নি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টরা বলেন, সমবায় মেলা কেবল আনুষ্ঠানিকতা রক্ষার আয়োজন হতে পারে না। এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানো, সমবায় সংগঠনগুলোর কার্যক্রম তুলে ধরা এবং তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি ও বাজার সম্প্রসারণ করা। মানুষ মেলায় আসবে, পণ্য দেখবে, কিনবে এবং সমবায় কার্যক্রম সম্পর্কে জানবে। অথচ উদ্বোধনের কয়েক মিনিটের মধ্যেই যদি মেলা গুটিয়ে নেওয়া হয়, তাহলে এমন আয়োজনের উদ্দেশ্য কী?
এ বিষয়ে জেলা সমবায় কর্মকর্তা সালমান ইকবালের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। মেলার নির্ধারিত সময়সূচি এবং উদ্বোধনের পরপরই স্টল গুটিয়ে নেওয়ার বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি। পরে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন। এ সময় সাংবাদিকরা বারবার বিষয়টি জানতে চাইলে তিনি অধীনস্থ এক কর্মকর্তাকে ডেকে বলেন, ‘সাংবাদিকদেরকে ৫০০ টাকা করে ধরায়ে দাও, চলে যাবে।’ তাঁর এমন মন্তব্যে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তার কাছে আমি জানতে চাইব এবং ব্যবস্থা গ্রহণ করব।’
দিনব্যাপী সমবায় মেলার আয়োজন করে উদ্বোধনের কয়েক মিনিটের মধ্যেই স্টল গুটিয়ে নেওয়া এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে দায়িত্বশীল কর্মকর্তার এমন মন্তব্যে সমবায় দিবসের আয়োজনের উদ্দেশ্য ও সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

