বাকশীমূল উত্তরপাড়ার দীর্ঘদিনের ভাঙা রাস্তা জামায়াতের অর্থায়নে সংস্কার
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল উত্তরপাড়ার দীর্ঘদিনের ভাঙাচোরা একটি গুরুত্বপূর্ণ রাস্তা বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে সংস্কার করা হয়েছে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা কমেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দের সৃষ্টি হয়। ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও ছিল। কিছুদিন আগে ওই রাস্তায় দুর্ঘটনায় একজন গুরুতর আহত হন। তাঁর চিকিৎসায় প্রায় চার লাখ টাকা ব্যয় হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
পরে এলাকাবাসীর পক্ষ থেকে মো. জাহাঙ্গীর আলম রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের কাছে দাবি জানান। এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংগঠনটির পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে রাস্তার সংস্কারকাজ করা হয়।
সংস্কারকাজ পরিদর্শন ও বাস্তবায়নের সময় উপস্থিত ছিলেন ২ নম্বর বাকশীমুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. কবির হোসেন, ইউনিয়ন আমির মো. আবদুর রৌফ, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাওলানা নুরুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ডা. নাসির উদ্দিন মিলন, মো. জামাল স্যার, মো. জুয়েল রানা, শ্রমিক নেতা মো. রাসেল, হাফেজ রবিউল, মো. জজু মিয়া, আজগর আলী মাস্টার ও মো. মনির হোসেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীরাও উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, রাস্তা সংস্কারের ফলে বর্তমানে যানবাহন ও পথচারীদের চলাচল সহজ হয়েছে এবং দুর্ঘটনার ঝুঁকিও আগের তুলনায় কমেছে। দীর্ঘদিনের দাবি পূরণে উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।এলাকাবাসীর প্রত্যাশা, জনদুর্ভোগ লাঘবে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
