কুমিল্লার সংবাদ

কুমিল্লা বিভাগ নিয়ে আঞ্চলিক বিদ্বেষে জড়ানো যাবে না: হাসনাত আবদুল্লাহ এমপি

কুমিল্লা বিভাগ নিয়ে যেন কোনো ধরনের আঞ্চলিক বিদ্বেষ বা হিংসা-বিদ্বেষে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

সোমবার সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সামাজিক কর্মসূচি, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ জেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “বিভাগ নিয়ে যেন আমরা আঞ্চলিক বিদ্বেষে না জড়াই। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে।” তিনি বলেন, নোয়াখালীর সঙ্গে কুমিল্লার দীর্ঘদিনের সাংস্কৃতিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বিভাগকে কেন্দ্র করে যেন কোনো ধরনের আঞ্চলিক হিংসা-বিদ্বেষ তৈরি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

কুমিল্লা জেলা প্রশাসক রোজি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন।

এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), জেলা পরিষদ প্রশাসক হাজী মোস্তাক মিয়াসহ জেলার ১৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।