বুড়িচং

শিক্ষার মান বৃদ্ধিতে বাকশীমূল উচ্চ বিদ্যালয়ে নিয়মিত ক্লাস পরিদর্শন ও মতবিনিময়

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও ধারাবাহিক মনিটরিংয়ের অংশ হিসেবে দশম শ্রেণি এবং অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার্থীদের ক্লাস পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এ কার্যক্রমে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের আরও মনোযোগী হয়ে পড়াশোনা করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

ক্লাস পরিদর্শন ও মতবিনিময়কালে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এমদাদুল হক ধীমান। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং পরীক্ষার প্রস্তুতির প্রতি গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ সময় তাদের মাঝে উপহার সামগ্রীও বিতরণ করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক জামাল হোসেন, এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি ও বাকশীমূল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আল আমিন এবং বুড়িচং উপজেলা আইসিটি অফিসার মাইন আল রশীদ শুভ।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং তাদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে নিয়মিত ক্লাস পরিদর্শন, মনিটরিং ও মতবিনিময় কার্যক্রম অব্যাহত থাকবে।