Spread the love

ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিলেও বাংলাদেশে আপাতত কোনো সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী মাস এপ্রিলেও দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

তিনি বলেন, বর্তমানে দেশে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে। এর মধ্যে ডিজেল রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন, অকটেন ৭ হাজার ৯৪০ মেট্রিক টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ মেট্রিক টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন।

তিনি আরও বলেন, “দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই। মার্চ মাসে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হয়নি, এবং এপ্রিল মাসেও সংকট হওয়ার সম্ভাবনা নেই।”

ডিজেল পাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি জ্বালানি বিক্রয় ব্যবস্থাপনা আরও স্বচ্ছ করতে সরকার একটি মোবাইল অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে অ্যাপটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে বলে জানান সংশ্লিষ্টরা।

জ্বালানি বিভাগের এ আশ্বাসে বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়