Spread the love

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মনতলা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেল ভর্তি ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ এর চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এর মধ্যে একটি বগি লাইনের পাশের খাদে পড়ে যায়।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে, ফলে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়ভাবে তেল লুটের অভিযোগও উঠেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়