নড়াইলে তেল দিতে না পারাকে কেন্দ্র করে এক পেট্রল পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ সরদার (৩৩) একই উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। আহত জিহাদ মোল্যা (২৭) চামরুল গ্রামের জহুর আলীর ছেলে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তুলারামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ডিজেল নিতে আসেন ট্রাকচালক সুজাত মোল্যা। তবে পাম্পে তেল না থাকায় পাম্প ম্যানেজার নাহিদ সরদার তেল দিতে অপারগতা জানান। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ট্রাকচালক নাহিদকে ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি দেন। পরে রাত ২টার দিকে নাহিদ সরদার ও জিহাদ মোল্যা মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পাম্প থেকে প্রায় ১০০ গজ দূরে পেছন থেকে ট্রাক চালিয়ে তাদের ওপর উঠিয়ে দেন সুজাত মোল্যা। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদারের মৃত্যু হয় এবং জিহাদ গুরুতর আহত হন।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
