কুমিল্লায় ডোবায় ভাসছিল অটোরিকশাচালকের গলিত মরদেহ
কুমিল্লার মনোহরগঞ্জে ডোবার পানিতে ভাসমান অবস্থায় আরমান হোসেন (১৭) নামে এক অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিনয়ঘর এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আরমান হোসেন পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল ৩টার দিকে বিনয়ঘর উত্তরপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি গাছ কেটে পানিতে ভাসিয়ে নেওয়ার সময় ডোবার পানিতে একটি গলিত মরদেহ ভাসতে দেখেন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে মনোহরগঞ্জ থানা, নাঙ্গলকোট থানা, নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্র এবং মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
পরে মরদেহের পরনে থাকা শার্ট ও প্যান্ট দেখে পরিবারের সদস্যরা সেটি আরমান হোসেনের মরদেহ বলে শনাক্ত করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ বলেন, ‘গলিত মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
