পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া এলাকায় একটি বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুদ করে রাখা দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন উদ্ধার করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে চিনাখড়া বাজারে পরিচালিত অভিযানে ‘খান এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী সন্টু ইসলামের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায়ের চেষ্টা করছে একটি অসাধু চক্র—এমন সংবাদের ভিত্তিতে সুজানগরের চিনাখড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে খান এন্টারপ্রাইজের মালিক সন্টু ইসলাম দোকান বন্ধ করে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তার দোকানের পেছনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে বাড়ির গোয়ালঘরে অবৈধভাবে মজুদ করে রাখা দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, উদ্ধারকৃত তেল তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, একই দিনে আতাইকুলা ও চিনাখড়াসহ চারটি বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
