আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও জনপ্রিয় ইসলামী বক্তা হাফেজ মাওলানা আদনান গাজী কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন।
বুড়িচং উপজেলার কৃতিসন্তান আদনান গাজী দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে ইসলামী আলোচনা, সামাজিক সচেতনতা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি তিনি বন্যা, শিক্ষাবিস্তারে ও অসহায় মানুষের সহায়তায় ভূমিকা রাখছেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক মহলে তাকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের মতে, সৎ, যোগ্য ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত একজন ব্যক্তি হিসেবে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে ইউনিয়নের উন্নয়নে নতুন গতি আসবে।
তবে এ বিষয়ে হাফেজ মাওলানা আদনান গাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দেননি। তিনি বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। জনগণ চাইলে এবং পরিস্থিতি অনুকূল হলে ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
উল্লেখ্য, বাকশিমুল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য নির্বাচন ঘিরে ইতোমধ্যে বিভিন্ন প্রার্থীর নাম আলোচনায় আসছে। এর মধ্যে হাফেজ মাওলানা আদনান গাজীর নাম নতুন মাত্রা যোগ করেছে স্থানীয় রাজনীতিতে।
