Spread the love

কুমিল্লার চৌদ্দগ্রামে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকির ভেতর থেকে সুমাইয়া তাবাসসুম (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সুমাইয়া প্রবাসী ছালে আহমেদের দ্বিতীয় মেয়ে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রতিবেশী সূত্রে জানা যায়, বিকেল ৫টার পর থেকে সুমাইয়াকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত ৮টার দিকে পাশের বাড়ির আব্দুল খালেকের পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকির ভেতরে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রবিউল হাসান জানান, সেপটিক ট্যাংকিতে পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকিতে পড়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *