Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে এবার সংসদে দেখা যাচ্ছে প্রজন্মের বিস্তৃত প্রতিনিধিত্ব। বিজয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ এবং সবচেয়ে বেশি বয়সী বিএনপির খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

খন্দকার মোশাররফ হোসেনের জন্ম ১৯৪৬ সালের ১ অক্টোবর। বর্তমানে তার বয়স ৭৯ বছর ৪ মাস। তিনি কুমিল্লা–১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারি ফলাফলে ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মনিরুজ্জামান পেয়েছেন ৯৪ হাজার ৮৪৫ ভোট।

এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন খন্দকার মোশাররফ হোসেন। সে সময় তিনি ৯৬ হাজার ৩৭৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন।

অন্যদিকে নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে জয় পেয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি শাপলা কলি প্রতীক নিয়ে ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

হলফনামা অনুযায়ী, আবদুল হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। বর্তমানে তার বয়স ২৬ বছর ১ মাস। এবারের নির্বাচনেই তিনি প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেন। জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারির নেতা হিসেবে পরিচিতি পাওয়ার পর তিনি এনসিপিতে যোগ দেন এবং ১১ দলীয় জোট-সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

এবারের সংসদে একদিকে প্রবীণ অভিজ্ঞ নেতৃত্ব, অন্যদিকে তরুণ প্রজন্মের অংশগ্রহণ—এই সমন্বয় দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *