ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ের হাসি হাসলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ জসিম উদ্দিন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোবারক হোসেনকে ৯ হাজার ৯৩৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আসনটির অন্তর্ভুক্ত বুড়িচং উপজেলায় মোট ভোট পড়েছে ১ লাখ ৪৮ হাজার ৫৮৯টি। এর মধ্যে বৈধ ভোট ১ লাখ ৪৪ হাজার ৯৩৮ এবং বাতিল ভোট ৩ হাজার ৬৫১টি। ভোটের হার ছিল ৫৫ দশমিক ৩০ শতাংশ।
এ উপজেলায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ জসিম উদ্দিন পেয়েছেন ৭৪ হাজার ৭৫৯ ভোট। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোবারক হোসেন পেয়েছেন ৬৭ হাজার ১১ ভোট। বুড়িচংয়ে প্রায় ৭ হাজার ৭৪৮ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন বিএনপি প্রার্থী।
অন্যদিকে ব্রাহ্মণপাড়া উপজেলায় মোট ভোট পড়েছে ১ লাখ ১৩ হাজার ৫৯৬টি। এর মধ্যে বৈধ ভোট ১ লাখ ১০ হাজার ৮০৫টি, যা শতকরা ৫৮ দশমিক ২১ শতাংশ। এখানে বিএনপির প্রার্থী মোঃ জসিম উদ্দিন পেয়েছেন ৫৭ হাজার ৭৭৯ ভোট এবং জামায়াতের প্রার্থী মোবারক হোসেন পেয়েছেন ৫১ হাজার ১৮৭ ভোট। এ উপজেলাতেও উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকেন জসিম উদ্দিন।
প্রবাসী ও চাকরিজীবীদের পোস্টাল ভোট পড়েছে ৮ হাজার ২৯৬টি। এর মধ্যে ধানের শীষ প্রতীক পেয়েছে ১ হাজার ৯৪৭ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬ হাজার ৩৪৯ ভোট। পোস্টাল ভোটে এগিয়ে থাকলেও সামগ্রিক ফলাফলে ব্যবধান কমাতে পারেননি জামায়াত প্রার্থী।
দুই উপজেলার ফলাফল ও পোস্টাল ভোট মিলিয়ে বিএনপির প্রার্থী মোঃ জসিম উদ্দিন মোট ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট পান। অপরদিকে জামায়াতের প্রার্থী মোবারক হোসেন পান ১ লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট। ফলে বেসরকারি ফলাফলে ৯ হাজার ৯৩৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন তিনি। বিজয়ের পরে হাজী জসিম উদ্দিন তার ভেরিফাই ফেসবুকে লিখেন,’আপনার প্রতিটি ভোট ছিল আস্থার স্বাক্ষর, বিশ্বাসের প্রতীক। আমি জিতিনি, আমরা জিতেছি ‘🌾।
রাতে বুড়িচং উপজেলার ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। ব্রাহ্মণপাড়া উপজেলার ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। পরবর্তীতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রেজা হাসান বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
