Spread the love

ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহতরা হলেন লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম মাতাব্বর (৪৫) এবং মো. অলি উল্যাহ ডুবাই। তারা সম্পর্কে শালা–দুলাভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গজারিয়া বাজার থেকে আবুল কালাম মাতাব্বর তার দুলাভাই অলি উল্যাহ ডুবাইকে নিয়ে মোটরসাইকেলে করে কর্তারহাট এলাকায় একটি মাহফিল শুনতে যাচ্ছিলেন। পথে ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানোর পর বাসটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *