Spread the love

কুমিল্লায় এক যুবকের কাছ থেকে চাকু ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক আইনজীবীর ভাড়া বাসা থেকে ম্যাগাজিন ও গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন কুমিল্লা ধর্মপুর এলাকার মোক্তার বাড়ির খোরশেদ আলমের ছেলে মো. আরিফুর রহমান এবং একই এলাকার আব্দুল মতিনের ছেলে অ্যাডভোকেট মাহমুদুল হক মাসুম। গ্রেপ্তার আইনজীবী মাহমুদুল হক মাসুম বর্তমানে কুমিল্লা সদর দক্ষিণ থানার উত্তর আশরাফপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামের নায়েবে আমীর এ কে এম এমদাদুল হক মামুন এর আপন ছোট ভাই।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে কোতোয়ালি থানার ইপিজেড ফাঁড়ির একটি দল টমসন ব্রিজ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এসময় সন্দেহজনকভাবে আরিফুর রহমানকে তল্লাশি করে তার কাছ থেকে একটি চাকু ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। একই সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোনেও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় বলে পুলিশ জানায়।

আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণ থানা ও ইপিজেড ফাঁড়ির যৌথ পুলিশ দল কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুলের পূর্ব পাশে অবস্থিত একটি চারতলা ভবনের নিচতলায় অ্যাডভোকেট মাহমুদুল হক মাসুমের ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানে তার বেডরুমের ওয়ারড্রপের ভেতর থেকে ৫ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং আলাদা আরেকটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আরিফের কাছ থেকে ৫ রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাসুমের বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *