কুমিল্লা টমছমব্রীজ–মেডিকেল কলেজ হাসপাতাল সড়কের ইপিজেড রোডে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও ভ্যানের কারণে সড়ক সংস্কার কাজে মারাত্মক বাধার সৃষ্টি হচ্ছে। এতে একদিকে যেমন যানজট বাড়ছে, অন্যদিকে ধুলো–বালিতে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা ইপিজেডের সামনে সড়কের দু’পাশে সরকারি জায়গা দখল করে কাঁচাবাজার, মুদি দোকান, চটপটি, চা, ডিমের দোকান ও হোটেল বসানো হয়েছে। এসব অবৈধ স্থাপনার কারণে টমছমব্রীজ–বাখরাবাদ সড়কের সংস্কার ও প্রশস্তকরণ কাজে ঠিকাদার প্রতিষ্ঠান বাধার মুখে পড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে দীর্ঘদিন পর গুরুত্বপূর্ণ বাখরাবাদ–মেডিকেল কলেজ সড়কটি সংস্কার ও প্রশস্ত করার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হলেও অবৈধ দোকানপাট উচ্ছেদ না হওয়ায় বাকি কাজ থমকে রয়েছে। বিশেষ করে ইপিজেড ছুটির সময় সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়, যা রোগী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের চলাচলে চরম ভোগান্তি বাড়াচ্ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও দোকানদাররা তা উপেক্ষা করছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি গত সপ্তাহে সেনাবাহিনীর পক্ষ থেকে দোকান উচ্ছেদের নির্দেশ দেওয়া হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যবসায়ী জানান, প্রভাবশালীরা সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছেন। এতে আশপাশের বৈধ দোকানগুলো অন্ধকারে পড়ে গেছে এবং ব্যবসায় মারাত্মক মন্দাভাব দেখা দিয়েছে। তারা বলেন, “আমরা লাখ লাখ টাকা অগ্রিম ও পুঁজি বিনিয়োগ করেছি, কিন্তু অবৈধ দোকানের কারণে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।
ঠিকাদারের এক সহযোগী জানান, বারবার বলার পরও দোকানদাররা সরছেন না। দোকান উচ্ছেদ না হলে সড়কটি সোজা ও প্রশস্ত করা সম্ভব হবে না। এতে রাস্তা বাঁকা ও সরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, অদৃশ্য কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত অবৈধ দোকান উচ্ছেদ করে সড়ক সংস্কার কাজ সম্পন্নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
