জাতীয় সংসদ নির্বাচনের দিনে অনুষ্ঠিতব্য গণভোটে ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরে বুড়িচং উপজেলার ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হোসেন। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর পশ্চিমপাড়া হযরত শাহসূফী ফকির আব্দুস সালাম (রহ.) মাজার, মসজিদ ও খানকা শরীফ প্রাঙ্গণে আলোকিত যুব উন্নয়ন সংস্থা ও গাউছিয়া ইসলামিক মিশনের উদ্যোগে আয়োজিত এতিম, বয়স্ক ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউএনও তানভীর হোসেন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সরকার দুটি গুরুত্বপূর্ণ ভোটের আয়োজন করেছে। একটি জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য। গণভোটের মাধ্যমে সরকার জনগণের মতামত জানতে চাচ্ছে। ভোটাররা দুটি ব্যালট পাবেন—একটি সংসদ নির্বাচনের জন্য এবং অপরটি গণভোটের জন্য।
তিনি আরও বলেন, গণভোটের ব্যালটে ‘হ্যাঁ’ ও ‘না’—এই দুটি অপশন থাকবে, যা কোনো প্রার্থীর পক্ষে নয়। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের ভাগ্য পরিবর্তনের সুযোগ সৃষ্টি হবে, আর ‘না’ ভোট দিলে সেই সুযোগ তৈরি হবে না। সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ভোটারের হাতে। গণভোটই দেশের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি।
অনুষ্ঠানে আলোকিত যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের সভাপতিত্বে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জাফর আলীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল হোসেন এবং বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক কাজী মো. খোরশেদ আলম। এছাড়াও বক্তব্য রাখেন আনন্দ আইডিয়াল ইসলামিক স্কুলের অধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জালাল উদ্দিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন আরও বলেন, ভালো কাজে ব্যস্ত থাকা সৌভাগ্যের নিদর্শন।মানুষের পরিচয় মেলে তার কাজে। ভালো মানুষ ভালো কাজে ব্যস্ত থাকে, মন্দ মানুষ অসৎ কাজে লিপ্ত থাকে। সবসময় ভালো কাজে ব্যস্ত থাকা সৌভাগ্যের নিদর্শন। আর কেউ যখন খারাপ কাজে ব্যস্ত থাকবে, বুঝতে হবে শয়তান তাকে নিয়ন্ত্রণ করছে। যখন কারও ভালো কাজের সুযোগ হয়, তখন বুঝতে হবে মহান আল্লাহ তায়ালা তার ওপর সস্তুষ্ট। সাংবাদিক ও কলামিস্ট জাহাঙ্গীর আলম জাবির সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে এসব আয়োজন করে থাকে। আমি আলোকিত যুব উন্নয়ন সংস্থা ও জাহাঙ্গীর আলম জাবিরকে ধন্যবাদ জানাই।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, আনন্দপুর পশ্চিমপাড়া শাহ্ সালাম জামে মসজিদের সভাপতি বাবুল মিয়া, বুড়িচং প্রেস ক্লাবের ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহমদ, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সদস্য কাজী মোঃ জাকির হোসেন, আলোকিত যুব উন্নয়ন সংস্থার সদস্য ডাঃ ফৌজিয়া রিজনা, সদস্য মোসা: সেলিনা আক্তার, মোঃ আব্দুল আজিজ ও মোঃ সুলতান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন।আনন্দপুর পশ্চিমপাড়া শাহ্ সালাম জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ ইকরাম উদ্দিন।অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম জাবির এর আম্মা মরহুমা জহুরা খাতুন,মামা ফকির আব্দুস সালাম রহ: সহ দাদা-দাদী ও নানা- নানীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন, আনন্দ আইডিয়াল ইসলামিক স্কুলের অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান।
