যুক্তরাষ্ট্রের মিসাইল হামলায় ইরানের খুজেস্তানে নিহত ৭,
যুক্তরাষ্ট্রের মিসাইল হামলায় ইরানের খুজেস্তান প্রদেশে অন্তত সাতজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ইরানের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ব্যাপক হামলা চালায়।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা প্রদেশটির ডেপুটি গভর্নরের বরাত দিয়ে জানিয়েছে, খুজেস্তান প্রদেশের পৃথক তিনটি স্থানে এসব হতাহতের ঘটনা ঘটে।
এর আগে হরমুজ প্রণালীর সংলগ্ন হরমুজগান প্রদেশেও যুক্তরাষ্ট্রের মিসাইল হামলায় হতাহতের খবর পাওয়া যায়। সিরিকের কুশেতাক এলাকায় একটি বাড়িতে চলমান বিয়ের অনুষ্ঠানে মিসাইলের শার্পনেল আঘাত হানলে এক শিশুসহ চারজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি।
ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মিসাইল হামলার পর একটি বাড়িতে শার্পনেল আঘাত হানে। ওই বাড়িতে তখন বিয়ের অনুষ্ঠান চলছিল। হামলার ফলে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ইরান সরকারের প্রকাশিত একটি ভিডিওতে বিয়ের অনুষ্ঠানস্থল ধ্বংসস্তূপে পরিণত হওয়ার দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
এদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ এবং ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর হামলার চেষ্টা করছিল। তাদের হামলা প্রতিহত করতেই নতুন করে অভিযান চালানো হয়েছে বলে দাবি ওয়াশিংটনের।
হামলার পর ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। ইরানের পক্ষ থেকে জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করা হয়েছে। এছাড়া বিয়ের অনুষ্ঠানে হতাহতের ঘটনার জেরে ইরাকেও মার্কিন সেনাদের ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।
এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
