কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪৭
কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার ৪৫৭ পিস ইয়াবা ও ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীসহ মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দিকনির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে গত ১ সেপ্টেম্বর জেলার সব থানার উদ্যোগে মাদকের বিরুদ্ধে ব্যাপক ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে একযোগে মোট ৪৩টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে ১০ হাজার ৪৫৭ পিস ইয়াবা ও ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টাই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেছে।
