তাহেরীর আগমন ঘিরে উত্তেজনা, শেষ পর্যন্ত বন্ধ হলো মাহফিল

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতিবাদ ও বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত মাহফিল বন্ধ করে দিয়েছে প্রশাসন।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে অলিরবাজারে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশাসনের অনুমতি না থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরীর আগমনের প্রতিবাদে বৃহস্পতিবার থেকেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। একই সঙ্গে তাঁকে অলিরবাজারে মাহফিল করতে না দেওয়ার দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানান তাঁরা।

হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিল আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে মাহফিল করতে দেওয়া হবে না। তিনি আসার চেষ্টা করলে পাল্টা কর্মসূচির মাধ্যমে তাঁকে প্রতিহত করবে হেফাজতে ইসলাম।

অন্যদিকে, তাহেরীর অনুসারী স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, যেকোনো কিছুর বিনিময়ে তাঁরা তাহেরী হুজুরের মাহফিলের আয়োজন করবেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।