প্রবাসে থেকেও মোবাইল ফোনে বর-কনের ইজাব-কবুল বিয়ে সম্পন্ন হবে?

তথ্যপ্রযুক্তির যুগে মোবাইল ফোন ও ভিডিও কলের মাধ্যমে দূরে অবস্থান করেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে। এর প্রভাব পড়েছে বিয়ের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় আয়োজনেও। তবে সরাসরি ফোন কল কিংবা ভিডিও কলে বর-কনের ইজাব-কবুল করলেই বিয়ে শরিয়তসম্মত হবে কি না, তা নিয়ে রয়েছে ইসলামী ফিকহ বিশেষজ্ঞদের ব্যাখ্যা।

ইসলামী ফিকহ বিশেষজ্ঞদের মতে, বিয়ে শুদ্ধ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ শর্ত হলো—বিয়ের মজলিসে বর-কনের উপস্থিতি অথবা তাঁদের পক্ষে বৈধ প্রতিনিধি (উকিল) থাকা এবং শরিয়তসম্মত সাক্ষীদের সামনে ইজাব-কবুল সম্পন্ন হওয়া। এ ক্ষেত্রে দুইজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুজন নারী সাক্ষী থাকতে হবে।

প্রবাসে অবস্থানরত কোনো ব্যক্তি সরাসরি ফোন বা ভিডিও কলের মাধ্যমে অন্য দেশে থাকা পাত্রীর সঙ্গে ইজাব-কবুল করলে তা নিয়ে প্রতারণা ও পরিচয় নিশ্চিত হওয়ার জটিলতা থাকায় আলোচিত ফিকহি মত অনুযায়ী এমন বিয়ে শুদ্ধ হবে না।

তবে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের বৈধ পদ্ধতি রয়েছে। এ ক্ষেত্রে প্রবাসী বর নিজের পক্ষ থেকে বাংলাদেশে একজন প্রতিনিধিকে (উকিল) নিয়োগ করতে পারেন। এরপর পাত্রীর সম্মতি নিয়ে স্থানীয়ভাবে বিয়ের আয়োজন করতে হবে। সেখানে উকিল ও শরিয়তসম্মত সাক্ষীদের উপস্থিতিতে প্রচলিত নিয়মে ইজাব-কবুল সম্পন্ন করা যাবে।

উদাহরণ হিসেবে, কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবস্থান করে বাংলাদেশে বিয়ে করতে চাইলে তিনি ফোনের মাধ্যমে বাংলাদেশে থাকা কাউকে নিজের প্রতিনিধি নিয়োগ করতে পারবেন। পরে ওই প্রতিনিধি সাক্ষীদের উপস্থিতিতে বরের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব ও কবুল সম্পন্ন করবেন।

একইভাবে পাত্রীর পক্ষ থেকেও প্রতিনিধি নিয়োগের সুযোগ রয়েছে। ফোনের মাধ্যমে পাত্রীর অনুমতি নিয়ে বরপক্ষের কাছে একজনকে তাঁর উকিল হিসেবে নিযুক্ত করা যেতে পারে। এরপর সাক্ষীদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

ইসলামের ইতিহাসেও প্রতিনিধি নিয়োগের দৃষ্টান্ত রয়েছে। হাবশায় অবস্থানকালে নাজ্জাশি (রহ.)-এর মাধ্যমে রাসুলুল্লাহ (সা.) ও উম্মুল মুমিনীন হজরত উম্মে হাবিবা (রা.)-এর বিয়ে সম্পন্ন হওয়ার ঘটনা এ ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে।

ফিকহি গ্রন্থ দুররে মুখতার, ফাতাওয়ায়ে শামী, ফাতাওয়ায়ে আলমগীর ও আল বাহরুর রায়েকসহ বিভিন্ন গ্রন্থে এ বিষয়ে আলোচনা রয়েছে।

তথ্যসূত্র: দুররে মুখতার ৪/৭৬, ৪/৮৭; ফাতাওয়ায়ে শামী ৮/১৩৬, ৮/১৩৮; ফাতাওয়ায়ে আলমগীর ৩/৬১০; আল বাহরুর রায়েক ৭/১২১।

মূল লেখক:আবু বকর ছিদ্দিক।