পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা,আল্লাহর কাছে স্বর্ণার মন চাইলেন প্রেমিক,এই চিঠি কার?

স্বর্ণার মনে জায়গা চেয়ে প্রেমিকের চিরকুট, কেউ চান ইউরোপযাত্রার বিচার, কেউ আবার হতে চান সুন্দরী-চিকন!

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলতেই মিলেছে ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুট। তবে এসব চিঠির বিষয়বস্তুতে রয়েছে বিচিত্র সব আবদার, প্রেম-বিরহ, প্রতারণার বিচার, পারিবারিক অভিযোগ আর ব্যক্তিগত নানা আকাঙ্ক্ষা। কেউ দালালের প্রতারণার বিচার চেয়েছেন, কেউ প্রিয়জনকে ফিরে পেতে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন। আবার কেউ রোগমুক্তির পাশাপাশি সুন্দরী কিংবা চিকন হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।

শনিবার (২১ নভেম্বর) প্রায় পাঁচ মাস বা চার মাস ২৪ দিন পর মসজিদটির ১৫টি দানসিন্দুক খোলা হলে এসব চিঠি ও চিরকুট পাওয়া যায়। সিন্দুক থেকে চিঠি ও স্বর্ণালংকার আলাদা করার পর সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় টাকা গণনার কাজ।

দানসিন্দুকে পাওয়া চিঠিগুলোর মধ্যে একটি ছিল ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের হাতে প্রতারিত হওয়া এক ব্যক্তির। নিজের খোয়ানো অর্থের কষ্ট তুলে ধরে তিনি দালালদের শাস্তি ও নিরাপদ অভিবাসনের জন্য সৃষ্টিকর্তার কাছে বিচার চেয়েছেন। পাশাপাশি দেশে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস ও ভিসা কার্যক্রম চালুর আবেদন জানিয়েছেন। ভবিষ্যতে যেন আর কেউ দালালের প্রতারণার শিকার না হন, সেই প্রার্থনাও করেছেন। চিঠির শেষে নিজেকে পরিচয় দিয়েছেন ‘একজন প্রতারিত বিদেশগামী’ হিসেবে।

তবে দানসিন্দুকে শুধু অভিবাসনসংক্রান্ত অভিযোগই নয়, জায়গা করে নিয়েছে প্রেমের আবেগও। স্বর্ণা নামের এক তরুণীকে উদ্দেশ করে লেখা এক প্রেমিকের চিরকুটে রয়েছে ভালোবাসার আকুতি। সেখানে লেখা, ‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না স্বর্ণা।’ চিরকুটের শেষাংশে আল্লাহর কাছে প্রার্থনা করে ওই প্রেমিক লিখেছেন, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন, আমিন।’

আরেকটি দীর্ঘ চিঠিতে স্ত্রী ও শ্বশুরবাড়ির স্বজনদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেছেন এক ব্যক্তি। তার দাবি, শ্যালকের হাতে তার ২০ মাস বয়সী শিশু নির্যাতিত হয়েছে। এ ছাড়া স্ত্রী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তিন লাখ ৫৬ হাজার টাকা নিয়ে গেছেন এবং প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছেন। সব মিলিয়ে শ্বশুরবাড়ির লোকজনের কারণে তার প্রায় ১৯ লাখ ২৫ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। এসব ঘটনার বিচার ও হারানো সম্পদ ফিরে পেতে পাগলা মসজিদে দান করে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন ওই ব্যক্তি।

এদিকে কারও চাওয়া রোগমুক্তি, কারও মনের মানুষকে কাছে পাওয়া, আবার কেউ চেয়েছেন সুন্দরী কিংবা চিকন হতে। এমনকি পছন্দের কাউকে আবার রাষ্ট্রীয় নেতৃত্বে দেখার আকাঙ্ক্ষাও উঠে এসেছে কোনো কোনো চিরকুটে।

এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, দ্রুত দানসিন্দুক ভরে যাওয়ায় এবার নতুন করে আরও দুটি দানবাক্স বসানো হয়েছে। এতে দানবাক্সের সংখ্যা ১৩ থেকে বেড়ে ১৫টিতে দাঁড়িয়েছে। তবে চিঠি ও চিরকুটের কারণে সিন্দুকে জায়গার সংকট তৈরি হচ্ছে। এ ধরনের অপ্রাসঙ্গিক ও বিব্রতকর চিঠি দানবাক্সে না ফেলতে বারবার অনুরোধ করা হলেও তা মানা হচ্ছে না। এতে টাকা গণনার কাজে বিঘ্ন ঘটছে এবং সংশ্লিষ্টদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।

সব মিলিয়ে পাগলা মসজিদের দানবাক্সে এবার শুধু অর্থ-সম্পদ নয়, উঠে এসেছে মানুষের জীবনের নানা গল্প। কারও বিদেশ যাওয়ার স্বপ্ন, কারও সংসারের অভিযোগ, কারও আবার স্বর্ণার হৃদয়ে একটু জায়গা পাওয়ার আকুতি। অর্থের হিসাব হয়তো গোনা যাবে, কিন্তু এক বস্তা চিঠিতে জমে থাকা মানুষের আশা-হতাশার হিসাব কতটা সহজে মেলানো যাবে, সেই প্রশ্ন থেকেই যায়।