শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র পথ হচ্ছে প্রত্যর্পণ চুক্তি। তাকে বিমানে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে বাংলাদেশে আনা হবে। এ ছাড়া তার ফেরার অন্য কোনো পথ নেই।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা এবং বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে গেলে তাকে গ্রেপ্তার করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বিভিন্ন চ্যালেঞ্জ ও অস্বস্তির মুখে পড়ছে। তার উপস্থিতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে।
তিনি বলেন, ভারতের পক্ষ থেকে স্বেচ্ছায় কোনো ব্যক্তির দেশে ফিরে আসা এবং প্রত্যর্পণ চুক্তির বিষয়টি আলাদা করে দেখার ক্ষেত্রে বোঝাপড়ার কোনো অসুবিধা নেই। সাধারণ যাত্রী বা বেসামরিক নাগরিকদের যাতায়াতের বিষয়টি এক রকম, আর অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যর্পণ চুক্তি সম্পূর্ণ আলাদা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা প্রত্যর্পণ চুক্তির আওতাভুক্ত অপরাধীদের শ্রেণিতে পড়েন। চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। এ বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে অনুরোধ জানিয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট আরও অনেক সন্ত্রাসী দেশ থেকে অর্থ লুটপাট ও মানুষ হত্যার পর পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। শহীদ হাদির হত্যাকারীরাও সেখানে রয়েছে। দেশ থেকে পালিয়ে যাওয়া এসব ব্যক্তিকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চায় বাংলাদেশ।
হুমায়ুন কবির পুনরায় বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন না। তাকে ফিরিয়ে আনার একমাত্র উপায় প্রত্যর্পণ চুক্তি। সেই প্রক্রিয়াতেই তাকে দেশে আনা হবে।
