নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে নিজেই সাঁজোয়া যান চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চালকের আসনে বসে বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান চালিয়ে আট কিলোমিটার পথ অতিক্রম করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বর্ণদ্বীপে সামরিক মহড়া পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী নিজেই যানটি চালান বলে জানিয়েছেন তাঁর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
তিনি জানান, স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত আট কিলোমিটার পথ এটিভি ভেহিকল মডেলের বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান চালিয়ে অতিক্রম করেন প্রধানমন্ত্রী। এ সময় যানটির দুই পাশে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে ধানখেতের পাশ দিয়ে কাদামাটির পিচ্ছিল ও আঁকাবাঁকা রাস্তা পাড়ি দিতে হয়। এ সময় ধীরগতিতে সামরিক যানটি চালিয়ে গন্তব্যে পৌঁছান তিনি।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারে ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজিম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।
পরে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেন এবং তিন বাহিনীর যৌথ মহড়ার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে অংশ নিচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা প্রাকৃতিক দ্বীপ স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত এক দশকে স্বর্ণদ্বীপে নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ মহড়াসহ বিভিন্ন সামরিক অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। তবে এবারই প্রথম কোনো সরকারপ্রধান দ্বীপটিতে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করলেন।
