ধ্বংসস্তূপের মধ্যেও থেমে নেই কুরআন শিক্ষা,সংবর্ধিত এক হাজার হাফেজ-হাফেজা

যুদ্ধের ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি ও নানা প্রতিকূলতার মধ্যেও পবিত্র কুরআনের শিক্ষা ও চর্চা অব্যাহত রেখেছেন ফিলিস্তিনের গাজাবাসী। এরই অনন্য দৃষ্টান্ত হিসেবে ২০২৬ সালের জাতীয় কুরআন হিফজ পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার হাফেজ ও হাফেজাকে সংবর্ধনা দিয়েছে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজা নগরীতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়। আলজেরিয়ার দাতব্য সংস্থা জমিয়তুল বারাকার পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের আগে গাজার বিভিন্ন বয়সী হাফেজ-হাফেজাদের অংশগ্রহণে কুরআন পদযাত্রা অনুষ্ঠিত হয়। হাতে পবিত্র কুরআনের কপি নিয়ে তাঁরা নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন। এ সময় ধর্মীয় সংগীত ও নাশিদ পরিবেশন করা হয়। যুদ্ধের ধ্বংসস্তূপের পাশ দিয়ে তাঁদের এ পদযাত্রা কুরআনের প্রতি ভালোবাসা এবং ধর্মীয় শিক্ষার ধারাবাহিকতা রক্ষার দৃঢ় প্রত্যয়ের প্রতীক হয়ে ওঠে।

অনুষ্ঠানে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় শিক্ষা বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ সালেমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব, আলজেরিয়ার জমিয়তুল বারাকার প্রতিনিধিরা, হাফেজ-হাফেজাদের পরিবারের সদস্য ও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ড. মুহাম্মদ সালেম বলেন, এক হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দেওয়া কেবল একটি সম্মাননা অনুষ্ঠান নয়; বরং এটি ধৈর্য, অধ্যবসায় ও ঈমানি প্রচেষ্টার এক হাজার গল্পের উদ্‌যাপন। নানা প্রতিকূলতা ও অসাধারণ চ্যালেঞ্জের মধ্যেও ফিলিস্তিনে কুরআনের শিক্ষা ও সংরক্ষণের কার্যক্রম এগিয়ে চলছে।

তিনি হাফেজ-হাফেজাদের উদ্দেশে বলেন, কুরআন মুখস্থ করাই যেন তাঁদের পথচলার শেষ না হয়; বরং এটিকে নতুন যাত্রার সূচনা হিসেবে গ্রহণ করতে হবে। কুরআনের আয়াতের অর্থ বোঝা, অনুধাবন করা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানান তিনি। পাশাপাশি সন্তানদের কুরআন চর্চা অব্যাহত রাখতে অভিভাবকদেরও যত্নবান হওয়ার পরামর্শ দেন।

আলজেরিয়ার জমিয়তুল বারাকার সভাপতি শাদি জেনিনা বলেন, যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির মধ্যেও এক হাজার হাফেজ-হাফেজার এ অর্জন গর্ব ও আনন্দের বিষয়। এটি গাজাবাসীর দৃঢ়তা এবং প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার অনন্য দৃষ্টান্ত। কুরআনের হাফেজদের সহযোগিতা ও কুরআন শিক্ষার কার্যক্রমে তাঁদের সংস্থার সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

হাফেজ-হাফেজাদের পক্ষ থেকে বক্তব্য দেন হিবা আল-হিমস। তিনি গাজা উপত্যকার হিফজ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন। তিনি বলেন, কুরআনের ধারক-বাহকদের সম্মান জানানো শুধু পুরস্কার বা উপাধির বিষয় নয়; বরং যারা পবিত্র কুরআনকে জীবনের সঙ্গী ও পথচলার আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করেছেন, তাঁদের প্রতি সম্মান প্রদর্শন।

অনুষ্ঠানের শেষ পর্বে সংবর্ধিত হাফেজ-হাফেজাদের হাতে সম্মাননাপত্র ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় তাঁদের পরিবার-পরিজন ও উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়।
সূত্র: মিল্লাত টাইমস উর্দু