খেলাধুলার বয়সে কোরআনের ৩০ পারা মুখস্থ করে তাক লাগাল ফারিহ

মাত্র তিন বছর বয়সেই পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে আলজেরিয়ার শিশু আবদুর রহমান ফারিহ। যে বয়সে শিশুরা আধো-আধো বোলে কথা বলতে শেখে এবং খেলাধুলায় মেতে থাকে, সেই বয়সেই সম্পূর্ণ কোরআন মুখস্থ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফারিহের বয়স যখন মাত্র দুই বছর, তখন সে কথা বলতে শেখে। ওই সময় থেকেই তার মধ্যে পবিত্র কোরআনের প্রতি বিশেষ আগ্রহ লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। ঘরে বসে টেলিভিশন ও রেডিওতে বিভিন্ন প্রসিদ্ধ ক্বারির কোরআন তিলাওয়াত শুনতে শুনতেই ধীরে ধীরে আয়াতগুলো মুখস্থ করতে শুরু করে সে।

পরিবারের দাবি, কোনো প্রাতিষ্ঠানিক মাদরাসায় পড়াশোনা কিংবা শিক্ষকের সরাসরি সহায়তা ছাড়াই মূলত কোরআন তিলাওয়াত শুনে শুনে পুরো ৩০ পারা মুখস্থ করেছে ফারিহ।

এত অল্প বয়সে কোরআনের সম্পূর্ণ অংশ মুখস্থ করার পাশাপাশি তারতিলের নিয়ম মেনে সুমধুর কণ্ঠে তিলাওয়াত করার দক্ষতাও নজর কেড়েছে মানুষের। সামাজিক যোগাযোগমাধ্যমে তার তিলাওয়াত ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছে খুদে এই হাফেজ।

ফারিহের এমন ব্যতিক্রমী অর্জনে আনন্দিত তার পরিবারসহ আলজেরিয়ার ধর্মপ্রাণ মানুষ। তিন বছর বয়সী এই শিশুর কোরআন মুখস্থ করার ঘটনা অনেকের কাছেই বিস্ময়কর ও অনুপ্রেরণার বিষয় হয়ে উঠেছে।

সূত্র: ইন্টারন্যাশনাল কোরআন নিউজ এজেন্সি।